• খুলনা শীর্ষ সংবাদ
  • নড়াইলে ৩৭৫ জন ক্ষুদ্র সার বিক্রেতার লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে ৩৭৫ জন ক্ষুদ্র সার বিক্রেতার লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ , ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নড়াইলে ৩৭৫ জন ক্ষুদ্র সার ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের প্রতিবাদ জানিয়েছেন সার ব্যবসায়ীরা। রোববার (৭ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ব্যবসায়ীরা নড়াইল আদালত চত্ত্বরে এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির আহবায়ক শফিকুল আলম,সদস্য সচিব মনোয়ার হোসেন,পুলক কুমার বিশ্বাস,জিয়ারুর রহমান প্রমুখ।

জেলার ৩টি পৌরসভা ৪০টি ইউনিয়নের ৩ শ ৭৫ জন সাব ডিলারকে গত ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সার বিক্রির লাইসেন্স বাতিলের প্রতিবাদে এ বিক্ষোভ প্রদর্শন করেন সার ব্যবসায়ীরা।

সমাবেশে বক্তারা বলেন,তারা ব্যাংক থেকে লোন করাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে প্রান্তিক পর্যায়ে সার ব্যবসা টিকিয়ে রেখেছেন। কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে ও সঠিক মূল্যে সার পৌঁছে দিতে খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এখন ডিলারশীপ বাতিল হলে তারা অসহায় হয়ে পড়বেন। তাই এই প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে সকল খুচরা সার বিক্রেতার বৈধ আইডি কার্ডের স্বীকৃতি ও ব্যবহার নিশ্চিত করতে হবে।

সার লাইসেন্স বাতিল প্রসঙ্গে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সাব ডিলার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির আহবায়ক শফিকুল আলম আলম বলেন,সরকারের নতুন এ নীতামালা বাস্তবায়ন হলে আমরাতো ক্ষতিগ্রস্থ হবই। এর পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্থ হবে।

কারণ আমরা সার্বক্ষনিক তাদের পাশে থাকি। মাঠে গিয়ে তাদের ফসলের খোঁজ-খবর রাখি। দরিদ্র কৃষকদের বাকিতে সার বিক্রি করি। যেমন আমার কৃষকদের কাছে ৩০ লাখ টাকার সার বাকি রয়েছে। এ রকম প্রত্যেক সাব ডিলার কৃষকদের সার বাকিতে বিক্রি করে থাকে।

রাত নেই তিন নেই দোকান খুলে কৃষকদের সার দেই। আর ডিলাররা নগদ ছাড়া সার বিক্রি করে না। সকাল ৯-৫ টা পর্যন্ত দোকান খোলা থাকে। ফলে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হবে।

এ বিষয়ে নড়াইল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন,বর্তমান ডিলাররা আগামি ৩১ মার্চ পর্যন্ত ইউরিয়া ও নন ইউরিয়া সার উত্তোলন ও বিক্রি করতে পারবে। ডিলারের জবাবদিহিতা এবং কৃষক যাতে সরকারের বেঁধে দেওয়া সঠিক দামে সার পায় অর্থাৎ দামের হেরফের না হয় সেজন্য সরকার নতুন নীতিমালা করছে।

এ নীতিমালা অনুযায়ী  প্রত্যেক পৌরসভা/ইউনিয়নে ৩ জন করে ডিলার থাকবে এবং এই ডিলারদের  ৬টি বিক্রয় কেন্দ্র থাকবে। ফলে এসব সাব ডিলারদের আর প্রয়োজন হবে না।

মন্তব্য লিখুন

আরও খবর