পবিপ্রবিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টায় টি.এস.সি কনফারেন্স হলে “জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,”জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের দিন।

আমি ব্যক্তিগতভাবে এই ঐতিহাসিক আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে সেই উত্তাল সময়ের সাহস, ভয়, বেদনা এবং সংগ্রামের স্মৃতি আজও বয়ে বেড়াই। আজ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আমি নতুন করে আশাবাদী। কারণ এই প্রজন্ম ইতিহাস জানতে চায়, সত্য জানাতে চায়, এবং নিজেদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, ‘জুলাই ২৪’-এর চেতনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক—সেই গণআন্দোলনের রক্তস্নাত পথ যেন আমাদের সামনে সততা, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই আত্মত্যাগের বার্তা ছড়িয়ে পড়ুক, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হোক আগামী দিনের গর্বিত নেতৃত্বের ধারক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান,
বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন উর রশিদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ, ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোঃ মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ।

এছাড়া দিবসটি দুমকি উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র‍্যালী অনুষ্ঠিত।এতে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা সহ জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর