• চট্রগ্রাম দেশজুড়ে
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে আজ সোমবার (১ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সূর্যশিখা ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়।

সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুনয় চাকমা সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জেসলেন চাকমা। কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট) ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরী অন্যান্য বক্তৃতা দেন।

বক্তারা বলেন, চুক্তির ২৮ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক অধিকার এখনো বাস্তবায়িত হয়নি। পাহাড়ী জনগণের দীর্ঘ সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন না হলে পুনরায় ‘৭০-৮০ দশকের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প ও অপারেশন উত্তরণের নামে সেনাশাসন অব্যাহত রয়েছে।

তারা আরও উল্লেখ করেন, পার্বত্য জেলা পরিষদগুলো দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং জুম্ম জনগণ নিজেদের ভূমিতে সংখ্যালঘু হয়ে পড়েছে। ভূমি সমস্যার সমাধানে ভূমি কমিশনকে কার্যকর না রাখায় চুক্তি অকার্যকর হচ্ছে।

সমাবেশ শেষে সভাপতি জ্ঞান প্রিয় চাকমা ৮ দফা দাবীনামা তুলে ধরেন। এতে চুক্তি মোতাবেক ভূমি কমিশনের কার্যক্রম শুরু করা, আঞ্চলিক ও জেলা পরিষদে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর, ভোটার তালিকা প্রণয়ন, প্রত্যাগত সদস্য ও শরণার্থীদের পুনর্বাসন, আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করা অন্তর্ভুক্ত।

মন্তব্য লিখুন

আরও খবর