বৈসু উৎসব উপলক্ষে কামিনী পাড়ায় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সামাজিক উদ্যোগ

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির উদ্যোগে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ) বিকেল সাড়ে ৩টায় দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ৫ মাইল, কামিনী পাড়ার ইউনিসেফ স্কুল মাঠে আয়োজন করা হয় বৈসুর ঐতিহ্যবাহী খেলাধুলা। অনুষ্ঠানে প্রাচীন ত্রিপুরা খেলা ‘সুকই’ (বাংলায়: ঘিলা) খেলার মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি ও নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি ত্রিপুরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা, পাড়ার কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা, সমাজসেবক অজিত মোহন ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার প্রাক্তন সভাপতি পাভেল ত্রিপুরা।

এর আগে সকালে কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির উদ্যোগে এবং শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা ‘তৈবুমা খুম বকনাই ও তৈবুমা ন খুলুংনাই’। এই প্রথায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে ‘খাগড়াছড়ি ছড়ায়’ ফুল প্রদান ও প্রণাম জানানো হয়। পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন পুরোহিত নর ভূষণ ত্রিপুরা।

আয়োজনের অংশ হিসেবে নতুন বছর উপলক্ষে সমাজের অসচ্ছল ও অসহায় মানুষদের সহায়তা প্রদান করা হয়। এ সময় ৮ জন নারী, ১১ জন পুরুষ এবং ২ জন ‘অচাই’ (ত্রিপুরা পুরোহিত) এর মাঝে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার, কার্বারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈসু উৎসবের এই আয়োজনে অংশ নিয়ে স্থানীয়রা বলেন, এই উৎসব শুধু আনন্দ নয়, বরং ত্রিপুরা জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতার বহিঃপ্রকাশ।

মন্তব্য লিখুন