• অপরাধ ঢাকা
  • বোয়ালমারীতে অটোব্রিকস শ্রমিককে পিটিয়ে জখম, মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ

বোয়ালমারীতে অটোব্রিকস শ্রমিককে পিটিয়ে জখম, মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ , ২ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ফরিদপুরের বোয়ালমারীতে ‘আল আলী অটোব্রিকস’-এর এক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই শ্রমিকের নাম শাহাবুদ্দিন ঠাকুর (৩২)। তিনি উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের আব্দুল জলিল ঠাকুরের ছেলে।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামে অবস্থিত ‘আল আলী অটোব্রিকসে’ দিনরাত দুই শিফটে কাজ করেন বহু শ্রমিক। শ্রমিক শাহাবুদ্দিন, কামাল, মিল্লাতসহ পাঁচজনকে মাটি সাপ্লায়ারের সঙ্গে দুর্নীতির অভিযোগে সন্দেহ করা হয়।

এ অভিযোগের জেরে গত ৩১ জুলাই সকালে ব্রিকসের কতৃপক্ষের লোকজন তাদের উপর সশরীরে হামলা চালায় বলে জানা গেছে। এতে শাহাবুদ্দিন গুরুতর আহত হন।

শাহাবুদ্দিন ঠাকুর বলেন, “আমার ১২ আগস্টে কুয়েত যাওয়ার ফ্লাইট। তাই ২৫ জুলাই জানিয়ে দিই যে ৩১ তারিখ পর্যন্তই কাজ করবো। কিন্তু মালিক পক্ষ সেটা মানতে চায়নি।

শেষ কর্মদিবসেও আমাকে জোর করে কাজে বাধ্য করে। পরে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ও আরও চারজনকে নির্মমভাবে মারধর করা হয়।”

ঘটনার সময় স্থানীয় ৩০-৪০ জন গ্রামবাসী এসে আহত শ্রমিকদের উদ্ধার করতে গেলে অন্য শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সবুজ নামে এক শ্রমিক গ্রামবাসীদের থামাতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত পান।

অভিযোগ রয়েছে, শ্রমিকদের নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে মালিক পক্ষ গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার পুলিশ জানান, “ঘটনার দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে শাহাবুদ্দিনসহ আহতরা চিকিৎসাধীন আছেন এবং এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য লিখুন

আরও খবর