• অপরাধ ঢাকা
  • বোয়ালমারীতে রেনেটার পিকআপের ধাক্কায় আমবোঝাই ট্রাক খাদে, চালক গুরুতর আহত

বোয়ালমারীতে রেনেটার পিকআপের ধাক্কায় আমবোঝাই ট্রাক খাদে, চালক গুরুতর আহত

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ফরিদপুরের বোয়ালমারীতে রেনেটা ওষুধ কোম্পানির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় একটি আমবোঝাই ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে পিকআপচালক গুরুতর আহত হন এবং ট্রাকচালক ও হেলপার সামান্য আহত হন।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ ফুলতলা বাজার এলাকায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আম বোঝাই করে বরগুনার বাবুগঞ্জগামী একটি ট্রাককে ফরিদপুরগামী রেনেটার একটি দ্রুতগামী পিকআপ সামনের দিকে এসে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। পিকআপটি ঘুরে গিয়ে ভাটিয়াপাড়া মুখে গিয়ে দাঁড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এসে পিকআপচালককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোরশেদ আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ট্রাকচালক ইব্রাহিম জানান, “আমরা রাজশাহী থেকে আম নিয়ে বরগুনার বাবুগঞ্জ যাচ্ছিলাম। হঠাৎ ফুলতলা এলাকায় বিপরীত দিক থেকে রেনেটার একটি পিকআপ উল্টো পাশে উঠে এসে আমাদের ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি খাদে পড়ে যায়।”

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং পিকআপটি থানায় নিয়ে আসা হয়। এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

এই ঘটনায় এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য লিখুন

আরও খবর