শার্শা সীমান্তে গাজীপুরের আ.লীগ সহ-সভাপতি আসাদুর গ্রেফতার

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-ভারতে পালানোর সময় ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও গাজীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি মো.আসাদুর রহমান(৬০)’কে গ্রেফতার করেছে ৪৯,ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র শার্শা উপজেলার সীমান্তবর্তী ক্যাম্প শিকারপুরের বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। আসামী আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। সে গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, “আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়।

তাকে জিজ্ঞাসাবাদে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে অদ্য বেলা ১টার দিকে শার্শা থানায় সোপর্দ করা হয়”।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আমির আব্বাস মুঠো ফোনে জানিয়েছেন-পাসপোর্ট ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে ভারতে পালানোর সময় শিকারপুর ৪৯, বিজিবি’র সদস্যরা আসামী আসাদুর রহমান’কে গ্রেফতার করে।

বিজিবি’র দায়েরকৃত মামলায় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে যশোর সদর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে ওসি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর