শেরপুরে নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ , ৪ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রহিমা বেগম (৫৮) এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রহিমা বেগম ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার রাত ১২ টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশিকালে নূর মোহাম্মদের স্ত্রী রহিমা বেগমের কাছে থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

সেই সঙ্গে মাদক বিক্রি ও মজুদের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘শেরপুর থেকে মাদক নির্মূলে আমরা সদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর সহায়তায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করি।

এ সময় মাদক বিক্রি ও মজুদের অভিযোগে সদর উপজেলার নাওভাঙা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী মাদক কারবারী রহিমা বেগমকে ৩৭৫ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ৫০ হাজার নগদ টাকাসহ হাতেনাতে আটক করি।

তবে রহিমা বেগমের ছেলে রফিকুলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।’ এ বিষয়ে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।