• রাজশাহী শীর্ষ সংবাদ
  • সাপাহারে মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

সাপাহারে মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনঃনিয়োগের দাবিতে গ্রামবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ১টার দিকে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের ব্যানারে সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রামবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করে পুনঃনিয়োগের দাবি জানানো হয়।

ব্যানারে উল্লেখ করা হয়, নিয়োগ বাণিজ্যের অভিযোগ সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

অন্যদিকে মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বলা হয়, মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর সংঘবদ্ধভাবে হামলা করা হয়েছে।

তারা হামলার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ব্যানারে হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এতে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

দুটি কর্মসূচিতে বক্তারা নিজ নিজ দাবির পক্ষে বক্তব্য দেন। একই প্রতিষ্ঠানের বিষয়ে পরস্পরবিরোধী অভিযোগ ও দাবিকে কেন্দ্র করে পৃথক সময়ে অনুষ্ঠিত এ দুই মানববন্ধন এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও সুপারের ওপর হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর