গোয়াইনঘাটে সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

স্থানীয় পণ্যকে ব্র্যান্ডে পরিণত করতে হবে: ইউএনও রতন কুমার অধিকারী

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ , ১৪ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আয়োজিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে স্থানীয় কুটির শিল্প ও উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

রোববার গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন প্রমুখ।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীর জন্য যদি প্রদর্শনী স্টল গড়ে তোলা যায়, তাহলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর সফলতা নিশ্চিত হবে। তারা সহজেই পণ্য বিক্রি করতে পারবেন এবং মানুষও এসব পণ্য ক্রয়ে আগ্রহী হবে।

তিনি আরও বলেন, গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং ও রাতারগুলকে ঘিরে স্থানীয় কুটির শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় উৎপাদিত ও ঐতিহ্যবাহী পণ্যগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা গেলে তা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্মারক হিসেবে পরিচিতি পাবে।

ইউএনও বলেন, স্থানীয় কুটির শিল্পকে যথাযথভাবে তুলে ধরতে পারলে তা স্মারক শিল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎপাদিত পণ্যগুলোকে পেশাভিত্তিক উদ্যোক্তা কার্যক্রমে রূপ দিতে পারলে এ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে বাজারমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পণ্য বিক্রয়ে শুধু উৎপাদন নয়, বরং গুণগত মান, উপস্থাপন ও বিপণন কৌশলের ওপরও গুরুত্ব দিতে হবে।

এজন্য দক্ষ ও নিবেদিত জনবল গড়ে তোলা প্রয়োজন। স্থানীয় পেশাজীবীদের সহযোগিতার আশ্বাস দিয়ে ইউএনও আরও বলেন, এ খাতে উন্নয়নের জন্য প্রয়োজনীয় যেকোনো সহযোগিতায় তিনি সর্বদা প্রস্তুত রয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর