ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়: চরমোনাই পীর

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী শাসনব্যবস্থা ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার।

পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা একা নই, আমাদের সঙ্গে দেশের জনগণ রয়েছে। ২৭৮টি আসনে আমরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি।” তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, “তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই।

তারা ইসলামের লেবাস ধারণ করলেও প্রকৃত ইসলাম অনুসরণ করে না। তারা কুরআন ও সুন্নাহর আলোকে শরিয়াহ আইন বাস্তবায়নের কথা স্পষ্টভাবে বলেনি। প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালনা করে কখনো শান্তি আসতে পারে না।”

তিনি নবীনগরবাসীকে ইসলামী আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নজরুল ইসলাম নজুকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নজরুল ইসলাম নজু। তিনি বলেন, নির্বাচিত হলে নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়া সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর