
ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সিটি করপোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন, ফি পরিশোধ, নবায়ন, অনুমোদন গ্রহণ এবং আবেদন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এতে স্থানীয় কার্যালয়ে বারবার যাওয়ার প্রয়োজন কমবে এবং সেবা প্রদানে বিলম্বও হ্রাস পাবে।
সম্প্রতি জাতীয় সংসদে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তির হালনাগাদ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান চুক্তিগুলোর কার্যকারিতা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি নির্বাচিত শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে। এ ব্যবস্থার আওতায় ভূমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় প্রাথমিক অনুমোদন আগাম প্রস্তুত রাখা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।
তিনি আরও বলেন, বিনিয়োগ-সম্পর্কিত আন্তঃসংস্থা অনুমোদন, যাচাই ও পরামর্শ প্রক্রিয়া আরও সহজ করা হবে এবং এসব কার্যক্রমের অগ্রগতি সম্পূর্ণ অনলাইনে অনুসরণ করা যাবে।
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াও অনলাইনভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এতে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা যাচাইও যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ২০২৬ সালের জানুয়ারিতে ১১টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর এ অঙ্গীকারের কথা জানান তিনি।
সমঝোতা স্মারকে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন যুক্ত হয়। ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সিটি করপোরেশনগুলো হলো রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
সমঝোতা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি করপোরেশনগুলো তাদের সিস্টেম বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করবে। এর ফলে উদ্যোক্তারা ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং অন্যান্য আর্থিক ও সিটি করপোরেশন-সংশ্লিষ্ট সেবা দ্রুত, স্বচ্ছ ও সহজ উপায়ে গ্রহণ করতে পারবেন।
সর্বশেষ সংযোজনের ফলে বিডার ওএসএস পোর্টালের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৫২টিতে দাঁড়িয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...