• জাতীয় লিড নিউজ
  • কমলগঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

কমলগঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম নবীন বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরের রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস) প্যারেড গ্রাউন্ডে এ চিত্তাকর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী রিক্রুটদের মধ্যে ট্রফি প্রদান করেন।

বক্তব্যে বিমান বাহিনী প্রধান নবীন বিমানসেনাদের সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে পেশাদার বিমানসেনা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নতুন রিক্রুটরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলার আকাশকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এবারের কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৪১ জন রিক্রুট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে এসি-২ মো. ওমর ইবনে নোমান শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং—উভয় ক্যাটাগরিতে সেরা রিক্রুট নির্বাচিত হন এবং সার্বিক কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুটের গৌরব অর্জন করেন। এসি-২ রেদোয়ান আহ্ম্মেদও শিক্ষা ও জিএস ট্রেনিং-এ সেরা রিক্রুট হিসেবে স্বীকৃতি পান।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার এবং আরটিএসের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. খায়রুল বাসার।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, স্থানীয় সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তি এবং নবীন বিমানসেনাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এই কুচকাওয়াজের মধ্য দিয়ে নতুন বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপ্তি ও আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো।