কালবৈশাখীর তাণ্ডবে লাউয়াছড়ায় সড়ক যোগাযোগ বন্ধ, শতাধিক যানবাহন আটকা

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ , ২ মে ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চল এর ‘গাড়িভাঙা’ এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার দুপুরে হঠাৎ আঘাত হানা প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি অচল হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একাধিক গাছ ভেঙে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে অবস্থান এবং বিশাল আকৃতির গাছ হওয়ায় উদ্ধার কাজ ধীরগতিতে এগোচ্ছে।

এদিকে সড়ক বন্ধ থাকায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়ে রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক গাছ পড়ে সড়ক বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আকস্মিক ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় গাছ পড়ে যায়। এতে সড়কের দু’পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে। বন বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে গাছ অপসারণে কাজ করছে।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ছবি ক্যাপশন: কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছে বন্ধ হয়ে আছে সড়ক যোগাযোগ। ছবি: বিকাল ৪টা, লাউয়াছড়া এলাকা।

মন্তব্য লিখুন

আরও খবর