কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ইসলাম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাছাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে মাটি আনতে গেলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে মাটিতে পড়ে গিয়ে ইসলাম উদ্দিন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দনাছাপুর গ্রামে একটি জমি নিয়ে ইসলাম উদ্দিনের সঙ্গে আজিজুল ইসলাম গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে ইসলাম উদ্দিন ওই বিরোধপূর্ণ জমি থেকে মাটি আনতে গেলে আজিজুল ইসলাম গং তাকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ইসলাম উদ্দিন মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, জমিসংক্রান্ত বিরোধের জেরে ঠেলাধাক্কায় আহত হয়ে ইসলাম উদ্দিনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য লিখুন

আরও খবর