কেন্দুয়ায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ওপর বখাটেদের হামলা : আহত-৪

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষাবিদ আব্দুর রহমান ভূইয়া স্মৃতি বিদ্যালয়ে ধুমপানের বাঁধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী রাহিম মিয়া ও টুটুলসহ আরও দুইজন আহত হন।

সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের ভেতরে বেজগাতি গ্রামের তরিকুল ও ইমনসহ কয়েকজন বখাটে প্রবেশ করে ধুমপান করতে থাকে। শিক্ষার্থীরা তাতে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টার দিকে সংঘটিত ফের বিদ্যালয়ে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে শিক্ষকদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়।

পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তরিকুল ও ইমনকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

আহত শিক্ষার্থীরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটক দুজনকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হাবিবসহ কয়েকজনের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুন নাহার কবিতা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তারা নেশা করতে এলে ছাত্ররা নিষেধ করলে চলে যায়। পরে ১২টার দিকে তারা আবার আসে। তাদের মারমুখী ভঙ্গি দেখে শান্ত করার চেষ্টা করি।

কিন্তু তারা আমাকে মানেনি তিনতলায় উঠে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। পরে ছাত্রছাত্রীরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।

ঘটনাটি জরুরি মিমাংসার জন্য স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সালিস বৈঠক ডাকা হয়েছে। তারা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন।

কেন্দুয়া থানার তদন্ত ওসি মিহির দাস জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিষয়টি সামাজিকভাবে মিমাংসার উদ্যোগ নিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর