• অপরাধ ময়মনসিংহ
  • কেন্দুয়া পৌরশহরে অপসারণের পর একই স্থানে ফের দেয়াল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কেন্দুয়া পৌরশহরে অপসারণের পর একই স্থানে ফের দেয়াল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় রাস্তার জায়গা দখল করে পূর্বে অপসারণ করা দেয়ালের স্থানে পুনরায় দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে ফের কেন্দুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখত আবেদন করেছেন সাউদপাড়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকার বাসিন্দারা।

আবেদনে স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, আবুল আক্কাস মিয়া পৌরসভার রাস্তার প্রয়োজনীয় জায়গা না রেখে রাস্তার ওপর দেয়াল নির্মাণ শুরু করলে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার জায়গায় নির্মিত দেয়াল অপসারণের জন্য তাকে লিখিত নোটিশ দেন।

পরে নোটিশের পরিপ্রেক্ষিতে আবুল আক্কাস মিয়া ওই দেয়াল ভেঙে ফেলেন এবং দেয়াল অপসারণের ছবি প্রশাসনের কাছে পাঠান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন পর প্রায় একই স্থানে রাস্তার প্রয়োজনীয় জায়গা না রেখে নতুন করে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে ভবিষ্যতে রাস্তা সংকুচিত হয়ে স্থানীয়দের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

আবেদনকারীরা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ এবং পৌর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে পৌরসভার অনুমোদিত রাস্তার নকশা ও সীমানা অনুযায়ী রাস্তার জায়গা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখাসহ ভবিষ্যতে সেখানে কোনো স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে আবুল আক্কাস মিয়া বলেন, আগের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেয়াল ভেঙে সোয়া এক ফুট জায়গা রেখে পুনরায় কাজ করছি। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে একটি সম্মতিপত্রও দিয়েছি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর