• চট্রগ্রাম শীর্ষ সংবাদ
  • খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার লক্ষ্যে খাগড়াছড়িতে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এবং খাগড়াছড়ি জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

প্রতিযোগিতায় নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

আয়োজকদের মতে, বিভিন্ন বয়স ও শিক্ষাস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকায় প্রতিযোগিতাটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে তাদের আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর