খাগড়াছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়িতে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. মাহফুজ জুয়েল (৩১), সুজন বিশ্বাস (৪৩), মো. সাকিল (২৪), মো. রুবেল (৩২) ও লিটন চৌধুরী (৫১)। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে মাহফুজ জুয়েলকে যুবলীগের কর্মী, সুজন বিশ্বাসকে জেলা কৃষক লীগের সদস্য, সাকিলকে ছাত্রলীগের কর্মী, রুবেলকে পৌর যুবলীগের সদস্য এবং লিটন চৌধুরীকে জেলা কৃষক লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর রাতের দিকে খাগড়াছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোর্ট চত্বর এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিস্ফোরকজাতীয় দ্রব্য ব্যবহারের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন ও নাশকতার চেষ্টা করা হয়। এ ছাড়া ২০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগও রয়েছে।

পুলিশের ভাষ্য, এসব ঘটনায় মামলা হওয়ার পর তদন্তের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় মাহফুজ জুয়েলের বিরুদ্ধে পাঁচটি, সুজন বিশ্বাসের বিরুদ্ধে তিনটি এবং মো. রুবেলের বিরুদ্ধে একটি পুরোনো মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যে সুজন বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলাও রয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২১ ও ২০ সেপ্টেম্বরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন এবং পূর্বের একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর