• চট্রগ্রাম শীর্ষ সংবাদ
  • খাগড়াছড়িতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংক্রান্ত দ্বন্দ্ব ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়িতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংক্রান্ত দ্বন্দ্ব ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ , ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংক্রান্ত দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ ২০২৬) সকালে খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে শেফালিকা ত্রিপুরা উল্লেখ করেন, “আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছি, কিন্তু যথাযথ ডকুমেন্টেশনের অভাবে সেই সাফল্যগুলো প্রকাশ করা যাচ্ছে না। প্রতিটি উদ্যোগ ও অর্জনকে সুশৃঙ্খলভাবে নথিভুক্ত করা এবং প্রকাশনার মাধ্যমে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।”

‘বন্যপ্রাণী শিকার ও পাচার আইনগত দণ্ডনীয় অপরাধ — বন বাঁচলে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণ হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন মৌজার নারী হেডম্যান ও কার্বারিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা এবং নারী হেডম্যান ও কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরীও বক্তব্য প্রদান করেন।

কর্মশালাটি আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন বিইআরসিআর প্রকল্প, যা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-র অর্থায়নে ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর