• রংপুর শীর্ষ সংবাদ
  • গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে ৭৬ লাখ টাকার সহায়তার চেক

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে ৭৬ লাখ টাকার সহায়তার চেক

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

বাবুল রহমান রবিন,গাইবান্ধাঃ গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

একই সঙ্গে গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ সহায়তার আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে।