গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন।

আজ (সোমবার ২১ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল সেবা দেয়। আয়োজকদের তথ্যমতে, ক্যাম্পে প্রায় ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চক্ষুজনিত সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডসহ পানিবাহিত রোগের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

চিকিৎসাসেবা কার্যক্রমে স্থানীয়ভাবে সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত একদল নার্সও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তারা রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া এবং চিকিৎসকদের প্রয়োজনীয় সহযোগিতা করেন।

স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা প্রয়োজনীয়। বিশেষ করে স্থানীয় তরুণীদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার ফলে তারা নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে পারছেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় শিগগিরই চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই স্থানে বিনামূল্যে চক্ষু ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আরও একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর