গোয়াইনঘাটে চোরাচালান বহনকারী দ্রুত গতির ডি আই গাড়ি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ১ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাটে চোরাচালানবাহী গাড়ির ধাক্কায় নিহত জসিম উদ্দিনের হত্যাকারী ড্রাইভারকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কে দ্রুতগতির চোরাচালানবাহী যান চলাচল বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকাল ৩টায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার স্ট্যান্ডে ডৌবাড়ী ইউনিয়নের সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা উবায়দুল্লাহ জহিরের সভাপতিত্বে এবং সাংবাদিক কাওছার আহমদ রাহাতের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার গোলাম রব্বানী, ইউপি সদস্য নিজাম উদ্দিন, সাবেক মেম্বার হাবিজ উল্লাহ, বিএনপি নেতা আফতাব উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মারুফ আহমদ, আলিম উদ্দিন, শাহাদাত হোসেন, মো. জাকারিয়া ও জামাল উদ্দিনসহ অনেকে।

বক্তারা জসিম হত্যাকারী ঘাতক ড্রাইভারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পাশাপাশি হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কে দীর্ঘদিন ধরে চলাচলকারী চোরাচালানবাহী বেপরোয়া গাড়ি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে এলাকার মুরব্বিয়ান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম সমাজ, শিক্ষক, যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সারী-গোয়াইন সড়কের হাতিরপাড়া এলাকায় চোরাচালানবাহী ভারতীয় মহিষবোঝাই একটি গাড়ির ধাক্কায় জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ বিরাজ করছে এবং দোষী ড্রাইভারের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন মহল সোচ্চার রয়েছে।

মানববন্ধন থেকে জানানো হয়, শিগগিরই জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি বাস্তবায়ন না হলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহত্তর কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য লিখুন

আরও খবর