চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পাহাড়ের বিভিন্ন সংগঠনের স্মারকলিপি

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতারা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্যত্র পদায়ন এবং তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতির দাবি জানানো হয়েছে।

এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর সরকার গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি বাতিল করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি এবং ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স পুনর্গঠনের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় ও রাজনৈতিক বিষয়। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে এ সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তাই চুক্তির শর্ত অনুযায়ী এর পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন, প্রতিমন্ত্রীকে বিভিন্ন দায়িত্ব প্রদান এবং নতুন কমিটি গঠনের মতো সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে পার্বত্যবাসীর মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে সংগঠনগুলোর দাবি। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে—মীর হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্যত্র পদায়ন; তিন পার্বত্য জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি; ১০ সেপ্টেম্বর গঠিত তিনটি কমিটি বাতিল করে সংশ্লিষ্ট কমিটিগুলো পুনর্গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনতিবিলম্বে পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

স্মারকলিপি প্রদানকালে পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি অজিত বরণ চাকমা, সাধারণ সম্পাদক ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের সদস্য সন্তোষিত চাকমা (বকুল), খাগড়াছড়ি পার্বত্য জেলা আদিবাসী ফোরামের সভাপতি নব কুমার চাকমা, সাধারণ সম্পাদক চাইথোয়াই মারমা, সদস্য প্রজ্ঞা জ্যোতি চাকমাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর