চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার 

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিকী ছবি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

তবে অধ্যক্ষ জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে। ডিবি’র ওসি কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়, কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।