ছাইব হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ২১ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইব হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত প্রধান আসামিরা এখনো আইনের আওতার বাইরে। ফলে নিহতের পরিবার, সহপাঠী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা এবং বিচারহীনতার আশঙ্কা ক্রমেই বাড়ছে।

রোববার (২১ জুন) সকালে শেরপুর জেলা জজ আদালতের সামনে সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের উদ্যোগে ছাইব হত্যাকারীদের বিচার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পরও কেন এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পাপ্পু, নাঈম, সিনহা, স্বপন ও রিয়াদসহ অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে নিহত ছাইবের বাবা আব্দুল মালেক বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কোনো প্রতিশোধ চাই না, শুধু আইনের মাধ্যমে হত্যাকারীদের বিচার চাই।”

মা রেবেকা সুলতানা বলেন, “আমার সন্তানের জীবন আর ফিরে পাব না। তবে যারা আমার বুক খালি করেছে, তাদের যেন আইনের মুখোমুখি করা হয়।”

মানববন্ধন শেষে শিক্ষার্থী ও এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেন। এ সময় পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম দ্রুত মূল আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে শেরপুর শহরের তাতালপুর বিএম রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার শিকার হন শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইব।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

মন্তব্য লিখুন

আরও খবর