• রাজশাহী শীর্ষ সংবাদ
  • জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

জয়পুরহাটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , ৪ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

জয়পুরহাট সদর থানাধীন পৌর সদরের নতুনহাট রোড এলাকায় র‍্যাব-৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২০) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা স্থানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দার কার্টন পড়ে রয়েছে।

পরে বিষয়টি ২০ বিজিবির অধিনায়ক র‍্যাব-৫, সিপিসি-৩ কে অবহিত করলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

যৌথ দলটি চিরুনি অভিযান পরিচালনা করে ৪ মে ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ কার্টুনে থাকা ১৫ হাজার ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস জর্দা উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

সোমবার (০৪ মে) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্যের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।