ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ মজুদের চেষ্টা, মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ , ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ মজুদ ও বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ত্রিশাল পৌর এলাকার একটি মাছের আড়তে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ পিরানহা মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান এসেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে পিরানহা মাছবোঝাই পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আড়তে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে রাখাল চন্দ্র দাস (৭০), পিতা- ছিনন্দ চন্দ্র দাস, ৬ নম্বর ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা এবং আব্দুল্লাহ আল মামুন (৪৩), পিতা- রিয়াজ উদ্দিন, দরিরামপুর, ত্রিশাল—পরিবহনকৃত নিষিদ্ধ মাছের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।

দোষ স্বীকারের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে ত্রিশাল থানার পুলিশ সদস্যরা এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবহন, মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয়সহ নিষিদ্ধ পিরানহা মাছের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

মন্তব্য লিখুন

আরও খবর