ত্রিশাল থেকে রাজধানীর নেতৃত্বে সুমন মড়ল

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের সন্তান মো. আতাউর রহমান সুমন মড়ল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল পর্যায় থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত সুমন মড়ল রাজধানীর এই ইউনিটের নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

সুমন মড়ল বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মড়ল বাড়ির বাসিন্দা। তিনি নজরুল ইসলাম মড়লের ছেলে।

জানা যায়, শিক্ষাজীবনের পাশাপাশি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন সুমন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন।

সুমন মড়ল বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমগীর মুনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ করে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে বিবিএ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন তিনি। রাজনৈতিক সহকর্মীদের ভাষ্য, সংগঠনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে তিনি দলীয় পরিসরে নিজের অবস্থান তৈরি করেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর সুমন মড়ল বলেন, “সংগঠন আমার ওপর যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে চাই।”

তার নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্বে সুমন মড়ল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন এবং দায়িত্ব পালনের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করবেন।

মন্তব্য লিখুন

আরও খবর