দীঘিনালায় অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মারাত্মক তীব্র অপুষ্টি (এসএএম) ইউনিটে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর করা হয়েছে।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ প্রকল্পের আওতায় এসব উপকরণ দেওয়া হয়।

গতকাল সোমবার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ত্রিলোক চাকমা।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মিথি চাকমা, ভান্ডাররক্ষক সোহেল চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারীর প্রতিনিধি মিহির কান্তি ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী ডেভিড ত্রিপুরা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. ত্রিলোক চাকমা বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি হস্তান্তর করা সরঞ্জামের যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সহায়তার মাধ্যমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএএম ইউনিটে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

মন্তব্য লিখুন

আরও খবর