দীঘিনালায় বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল নগদ সহায়তা

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।

‘Emergency Assistance for Flash Flood and Landslide Affected People of Chattogram and Sylhet Divisions in Bangladesh’ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস)-এর সহায়তায় কারিতাস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং সহযোগী হিসেবে রয়েছে জাবারাং কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সহায়তাকারী ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতিও তিনি ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, সহায়তা প্রদানের জন্য উপকারভোগীদের তালিকা তৈরি ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

অনুষ্ঠানে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, জাবারাং কল্যাণ সমিতির অর্থ ও প্রশাসনিক অফিসার পপি ত্রিপুরা, প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা, সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে শর্তহীন নগদ সহায়তা হিসেবে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে এ অর্থ বিতরণ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর