নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৯

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ১৫ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। কামড়ের শিকার হয়েছে ছয়টি গবাদিপশুও। বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলার বাজারদি এলাকার বাসিন্দা ফিরোজ আলীর ছেলে রিয়াজ আহম্মেদ (২০), আব্দুর রহমানের ছেলে রায়ান (৫), খলিলুল রহমানের মেয়ে মীম (৫), কায়দা এলাকার আব্দুর রহিমের মেয়ে ঝিনুক (৯), লুৎফর রহমানের ছেলে সজিব (১৩) ও কুর্শা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে জিহাদ (৯)।

স্থানীয়রা জানান, সকাল থেকেই একটি পাগলা কুকুর পৌর শহরের গ্রীণরোড, দড়িপাড়া , উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। কুকুরটি যাকে সামনে পেয়েছে তাকেই কামড়েছে। শুধু তাই নয়, মাঠে চরতে থাকা গবাদিপশুকেও কামড়েছে কুকুরটি।

আহতদের মধ্যে ১৫ জন পৌর শহরের গ্রীণরোড ও দড়িপাড়া এলাকার এবং উত্তর কায়দা গ্রামের ১৪ জন। এ ঘটনার পর বিকেলেই কুকুরটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুকুরের কামড় নিয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। আমরা কুকুরের কামড়ে আহত ২৯ জনকে ভ্যাকসিন দিয়েছি।

মন্তব্য লিখুন

আরও খবর