নবায়নযোগ্য জ্বালানির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, রুফটপ সৌরবিদ্যুতের প্রসার এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) খাগড়াছড়ি পৌরসভার সামনে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, তরুণ-যুব এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। এ লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতি পাঁচ দফা দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি ভর্তুকি প্রদান, ইউনিয়ন পর্যায়ে কারিগরি সহায়তা নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কার্যকর নীতি গ্রহণ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর আরোপিত শুল্ক ও কর প্রত্যাহার।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এতে পৌরসভার মালিকানাধীন সরকারি ভবনের ছাদ, খালি জমি ও অন্যান্য অব্যবহৃত স্থান জরিপ করে সেখানে রুফটপ সোলার ও সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

পাশাপাশি সম্ভাব্য স্থানসমূহে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রণয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, কেন্দ্রীয় পর্যায়ে নীতিগত সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি বিদ্যুৎ ব্যয় হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

কর্মসূচিতে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর সভাপতি অরুন কান্তি চাকমা, সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর