ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা – এমপি ড. হিলালী

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। কেউ স্বজনপ্রীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার ( ১২ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ সভার আয়োজন করে।

এমপি হিলালী বলেন, নির্বাচনের সময় ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন। কিন্তু মানুষ সেই অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রম হাতে নিয়েছেন।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কেউ স্বজনপ্রীতি করবেন না।

স্বজনপ্রীতি করলে একদিকে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে হবে, অন্যদিকে বিষয়টি জানতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সংগ্রহে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রথমে দরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ ক্ষেত্রে দল-মত বিবেচনা করা হবে না। পর্যায়ক্রমে সব পরিবারের গৃহিণীরা এ কার্ডের আওতায় আসবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রনি’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। এসময় তথ্য সংগ্রহকারীদের ট্যাব তুলে দেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী ও অতিথিরা।

মন্তব্য লিখুন

আরও খবর