• চট্রগ্রাম দেশজুড়ে
  • বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ , ১১ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বৈশাখী (বুদ্ধ) পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

রবিবার (১১ মে ২০২৫) বিকেলে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ, বাংলাদেশ বুডিস্ট কল্যাণ পরিষদ, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও সকল দায়ক-দায়িকাবৃন্দ।

ত্রি-বিজড়িত দিনটি (বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ) উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সম্মানিত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, বৈশাখী (বুদ্ধ) পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক মাস্রাথোয়াই মারমা এবং সেনা রিজিয়নের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এরপর অনুষ্ঠিত হয় বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিক্খার দান, হাজার প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আলোচনা সভা।

সভা শেষে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি মঙ্গল প্রদীপ প্রজ্বলন, রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে।

শোভাযাত্রাটি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে হাজারেরও বেশি দায়ক-দায়িকা, ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দমুখর পরিবেশ ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে পূর্ণতা পায় বৈশাখী (বুদ্ধি) পূর্ণিমার এই আয়োজন, যা জেলা শহরে এক ধর্মীয় উৎসবের আবহ সৃষ্টি করে।