ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, জানুয়ারি থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সাত মাসে জেলার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৯২২টি মামলা দায়ের হয়েছে।

এছাড়া জেলা আদালত থেকে আরও ৭৮টি মামলা গ্রাম আদালতে স্থানান্তর হয়। এই সময়ে ৮৭২টি মামলা নিষ্পত্তি করা হয় এবং ক্ষতিপূরণ হিসেবে ৫৩ লাখ ৮৯ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রস্তদের প্রদান করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আমির আলী, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক নিয়াজ মো. খান বিটু, এসএম শাহীন, বিভাষ কিশোর দাশ, শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে কম খরচে ও দ্রুত বিচার পাওয়ার সুযোগকে জনগণের জন্য আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে কার্যক্রমকে আরও কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের কার্যকর ভূমিকা তুলে ধরে সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সভার আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি’র সহযোগিতায় বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”।

মন্তব্য লিখুন

আরও খবর