ব্রাহ্মণবাড়িয়ায় জেলের ছদ্মবেশে অভিযান, ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ২৪ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলের ছদ্মবেশে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮ টার দিকে নবীনগর উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়ার বিরুদ্ধে একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে নবীনগর থানা পুলিশ। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সুমন মিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) রাত ১০ টা ৫ মিনিটের দিকে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর পাড় এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করে এলাকায় অবস্থান নেন।

একপর্যায়ে অভিযুক্ত সুমন মিয়াকে শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। গ্রেফতারকৃত সুমন মিয়া চিত্রি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মামলার তদন্ত অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের এই অভিনব কৌশলে পরিচালিত অভিযানের ফলে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর