• ঢাকা শীর্ষ সংবাদ
  • মানিকগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে এফএনবির মতবিনিময় সভা

মানিকগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে এফএনবির মতবিনিময় সভা

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আজহার হোসেন,মানিকগঞ্জ:ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জে এনজিও ফেডারেশন—এফএনবির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) জেলা শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

এফএনবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী ও অ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব রোগ থেকে সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

তিনি বলেন, পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের মাটির পাত্র, ফুলের টবসহ বাড়ির ছাদ কিংবা আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।

এসব স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সম্মিলিতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর