• অপরাধ ময়মনসিংহ
  • শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির এমপি প্রার্থীকে প্রধান আসামি করে মামলা দায়ের

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির এমপি প্রার্থীকে প্রধান আসামি করে মামলা দায়ের

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
প্রধান আসামি করা হয়েছে ওই আসনের (শেরপুর -৩) বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় ২৩১ জনের নামীয় এবং আরো ৩০০ -৪০০ জন অজ্ঞাত নামীয় আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ওই আসনের (শেরপুর -৩) বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এ তথ্য নিশ্চত করেছে জামায়াত ইসলামীর শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে ঝিনাইগাতী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বিতণ্ডা পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের এক পর্যায়ে সন্ধ্যার দিকে ঝিনাইগাতী বাজারে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০ টার দিকে তিনি মারা যান।

এদিকে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

মন্তব্য লিখুন

আরও খবর