শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ , ৩ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুর পৌরসভায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের সিংপাড়া মোড় থেকে মধ্য সেরী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মতিউর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, স্কাউটের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় স্কাউট, আজকের তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে।

বাড়ির আশপাশের ড্রেন, জলাশয় ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাস এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর