• অপরাধ ময়মনসিংহ
  • শেরপুরে শ্বশুরবাড়িতে সাবেক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

শেরপুরে শ্বশুরবাড়িতে সাবেক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ , ৮ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে শ্বশুরবাড়িতে আলী রেজা (২৫) নামে সাবেক এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই ) ভোররাতে শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী রেজা শহরের বাগরাকসা এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম কালুর ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

তবে নিহতের পরিবারের অভিযোগ আলী রেজাকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালাতে চাইছে শ্বশুরবাড়ির লোকজন। পরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পরিবারের অমতে আলী রেজা সিকিউরিটি গার্ড মো. লুৎফর রহমানের মেয়ে লুৎফুন্নাহার লোপাকে বিয়ে করেন।

বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরের ট্রাক টার্মিনাল এলাকার ভাড়া বাসায় থাকতেন। এ বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার ভোর চারটার দিকে শ্বশুরবাড়ির লোকজন আলী রেজাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার স্বজনদের জানানো হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।

তাদের অভিযোগ, মৃত্যুর পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলে পুলিশ মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আলী রেজার ভাই আলী হাসান বলেন, ‌‘এই বিয়েতে আমরা রাজি ছিলাম না। ওই মেয়েটা আমার ভাইকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। পরে খোঁজ নিয়ে জেনেছি, ওই মেয়ের আরও দুই জায়গায় বিয়ে হয়েছিল।

আগের ঘরের সন্তানও আছে। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।’

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর