শ্রীবরদীতে পারিবারিক বিরোধে যুবক নিহত

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ , ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

গতকাল সোমবার (১৩ জুলাই ) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।

নিহত আমিন আলীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন।

গত রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে রোববার রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়।

রাতে সেই ঝগড়া থামলেও সোমবার আবার শুরু হয়। পরে একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয়-সাতজন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়।

এ সময় আমিন নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর