হরিপুর – বিমান বন্দর সড়কের গোয়াইনঘাট অংশে কালভার্ট ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের হরিপুর-বিমানবন্দর সড়কের গোয়াইনঘাট উপজেলার বাউরভাগ এলাকায় একটি কালভার্ট ভেঙে গিয়ে তীব্র ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন ধরে কালভার্টটি এ অবস্থায় পড়ে থাকলেও তা সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সিলেট বিমানবন্দর ও জৈন্তাপুর – গোয়াইনঘাট অঞ্চলে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথে হাজার হাজার যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল করে। তবে বাউরভাগ এলাকার কালভার্টটির একটি বড় অংশ ভেঙে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

রাতে বা বৃষ্টির দিনে দুর্ঘটনাকবলিত স্থানে আলো বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন পথচারীরা।

স্থানটিতে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যানবাহন চালকদের অত্যন্ত ধীরে ও সতর্কতার সঙ্গে কালভার্ট পার হতে হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।

এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, অতি দ্রুত জরাজীর্ণ এই কালভার্টটি পুনর্নির্মাণ বা সংস্কার না করা হলে এই রুটে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটতে পারে।

এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমদে বলেন,ঠিকাদারকে সাইড বুঝিয়ে দেওয়া হয়েছে। শীগ্রই কালভার্টের সংস্কার কাজ শুরু হবে।

মন্তব্য লিখুন

আরও খবর