হাজিরা খাতায় স্বাক্ষর, স্কুলে নেই শিক্ষক!

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ৪ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে এক শিক্ষকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

সোমবার (৪ মে) বেলা প্রায় ১১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ে কর্মরত ৬ জন শিক্ষকের মধ্যে একজন ছুটিতে থাকলেও বাকি ৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৪ জন। হাজিরা খাতায় স্বাক্ষর থাকা সত্ত্বেও হেলেনা খাতুন নামের এক শিক্ষিকাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।

দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান করেও ওই শিক্ষিকার কোনো উপস্থিতি নিশ্চিত করা যায়নি। পরে বিষয়টি পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করেন এমপি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
স্থানীয় একটি সূত্র জানায়, বিদ্যালয়ের কাছেই ওই শিক্ষিকার নানাবাড়ি হওয়ায় তিনি প্রায়ই স্কুলে এসে সেখানে চলে যান এবং দীর্ঘ সময় অবস্থান করেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে এমপি ড. হিলালী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আকন্দ জানান, এমপি স্যার বিদ্যালয়ে আসার সময় ওই শিক্ষিকা উপস্থিত ছিলেন না। তবে তিনি দাবি করেন, সকালে এসে তিনি ক্লাস নিয়েছিলেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কাশেম জানান, বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে এমপি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, হাজিরা খাতায় ৫ জন শিক্ষকের স্বাক্ষর থাকলেও বাস্তবে ৪ জনকে পাওয়া গেছে। অনুপস্থিত শিক্ষিকা কোথায় আছেন তা প্রধান শিক্ষকও বলতে পারেননি।

কোনো কারণ ছাড়া স্কুল চলাকালীন সময়ে বাইরে থাকা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর