• ঢাকা দেশজুড়ে
  • রাজধানীতে হেবাং রেস্টুরেন্টে হামলার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকার প্রতিবাদ

রাজধানীতে হেবাং রেস্টুরেন্টে হামলার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকার প্রতিবাদ

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , ৪ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

রাজধানীর মিরপুরে অবস্থিত জনপ্রিয় ‘হেবাং রেস্টুরেন্ট’-এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা।

সোমবার (৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, “সারা বিশ্বের মতোই পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদেরও নিজস্ব ভাষা, ধর্ম, সংস্কৃতি ও খাদ্যাভাস রয়েছে। ঢাকায় বসবাসকারী চাকমা সম্প্রদায়ের চার বোনের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা ‘হেবাং রেস্টুরেন্ট’ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং পার্বত্য সংস্কৃতির এক অনন্য উপস্থাপন।

কিন্তু ২৬ জুলাই স্থানীয় কিছু উশৃঙ্খল যুবক সেখানে হামলা চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, যা অত্যন্ত নিন্দনীয়।”

সংগঠনের নেতারা বলেন, রেস্টুরেন্টে পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়, যা নিয়ে স্থানীয়দের আপত্তি এবং হামলা মোটেই গ্রহণযোগ্য নয়। এটি এক ধরনের জাতিগত বিদ্বেষ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি অসম্মান।

তারা আরও বলেন, “কোনো জাতির নিজস্ব খাদ্যাভাসকে কেন্দ্র করে সমালোচনা বা হেনস্তা করা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এসব মন্তব্য ও হামলা হিংসাত্মক ও উদ্দেশ্যপ্রণোদিত।”

বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থার দাবি জানানো হয়। একইসঙ্গে, ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, তা নিশ্চিত করার আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা।

নেতৃবৃন্দ জানান, ঢাকায় বসবাসরত পার্বত্য জনজাতির যেকোনো সমস্যা বা বিপদে পাশে দাঁড়ানোর জন্য সমিতি সদা প্রস্তুত।