• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া-গরুর মল; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ

পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া-গরুর মল; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠে অবাধে ঘোড়া ও গরু বিচরণের কারণে মাঠের খেলার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই মাঠে গরু-ঘোড়া ঘাস খাচ্ছে, ফলে মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকছে পশুর মল। এতে মাঠে খেলতে আসা খেলোয়াড় ও শিশু-কিশোরদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গদাইপুর, বান্দিকাটী ও চেঁচুয়া গ্রামের কয়েকজন মালিক নিয়মিতভাবে চারটি ঘোড়া ও কয়েকটি গরু মাঠে ছেড়ে দেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব পশু মাঠে বিচরণ করে ঘাস খায়। খেলার সময়ও ঘোড়াগুলো মাঠের পাশের ফসলের জমিতে ঢুকে পড়ে, ফলে মাঠের পরিবেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের ফসলও।

এলাকার সচেতন নাগরিক ও খেলোয়াড়রা একাধিকবার ঘোড়ার মালিকদের মাঠে পশু বিচরণ না করানোর অনুরোধ জানালেও তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। এতে মাঠে খেলাধুলা সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে। বর্তমানে পুরো মাঠজুড়ে পশুর মল ও কাদাজলে ভরে গেছে, যার ফলে শিশু ও তরুণ খেলোয়াড়দের মাঠে নামা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় খেলোয়াড়রা জানান, গদাইপুর ফুটবল মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়াপ্রেমীদের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানেই অনুষ্ঠিত হয় বিভিন্ন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ও স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা। কিন্তু বর্তমানে মাঠের এমন করুণ অবস্থায় খেলার আগ্রহ হারিয়ে ফেলছে তরুণরা।

তারা বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ। সুস্থ ও সুন্দর পরিবেশে খেলাধুলা করলে শিক্ষার্থীরা মানসিকভাবে বিকশিত হয়। কিন্তু মাঠে ঘোড়া-গরুর বিচরণে এখন আর খেলার উপযোগী পরিবেশ নেই।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মাঠের তদারকি ও রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্বশীল সংস্থা বা ব্যক্তি নেই। ফলে মাঠটি এখন পশুচারণে পরিণত হয়েছে।

খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা দ্রুত মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং মাঠে ঘোড়া-গরু বিচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর