গ্রামীণফোন টাওয়ারের বিকট শব্দে নির্ঘুম রাত

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

রংপুরের পীরগাছা উপজেলায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকট শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছে কয়েকটি পরিবার। পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও অসুস্থ মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঘটনাটি উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই এলাকায় গ্রামীণফোন কর্তৃপক্ষ টাওয়ারটি স্থাপন করে। স্থাপনের পর থেকেই টাওয়ারের জেনারেটর ও যান্ত্রিক কার্যক্রমের কারণে উচ্চ শব্দ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, দিনের চেয়ে রাতের বেলায় শব্দের তীব্রতা বেশি হওয়ায় স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একই সঙ্গে বয়স্কদের শারীরিক সমস্যা বাড়ছে এবং অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামীণফোনের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দ্রুত টাওয়ারটির শব্দদূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভূক্তভোগী হাফিজুর রহমান ও নুরুল আমিন বলেন, আমাদের এই বাড়ীতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ছেলেমেয়েদের পড়াশোনা, বৃদ্ধ বাবা-মা চরম দুর্ভোগে পড়েছেন, এমনকি ছোট বাচ্চারাও রাতে ঘুমাতে পারেনা। এর একটি সুষ্ঠু সমাধান চাই।

গ্রামীণফোন টাওয়ারের পিএম প্রকৌশলী মো. মানিক মিয়া বলেন, টাওয়ার স্থাপনের জমিদাতা আব্দুল খালেকের সাথে দেখা করেন সব জানতে পারবেন। কারণ জমিদাতা শব্দ দূষণ বাড়াতে বলেছে। আমাদের কিছু করার নেই। পরে তিনি শব্দ দূষণ কমিয়ে আনার আশ্বাস দেন।

এ ব্যাপারে জানতে জমিদাতা আব্দুল খালেককে ফোন দিলে তিনি জানান, আমি শব্দ দূষণ বাড়াতে বলেনি। এটা গ্রামীণ টাওয়ার ও যাদের সমস্যা হচ্ছে তাদের ব্যাপার।

মন্তব্য লিখুন

আরও খবর