
খাগড়াছড়ি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থীদের পক্ষে বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঞা।
লিখিত বক্তব্যে জানানো হয়, বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ির নতুন ও তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হলেও নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছে।
প্রার্থীরা জানান, খাগড়াছড়ি আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) হিসেবে চিহ্নিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাঠপর্যায়ের তথ্যে এই চিত্র উঠে এসেছে বলে দাবি করা হয়। এতে সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কয়েকটি এলাকায় সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং কিছু প্রার্থী ও তাদের কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী এলাকা এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতাকে কেন্দ্র দখলের সম্ভাব্য কৌশল হিসেবে উল্লেখ করা হয়।
প্রার্থীরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভীতিমূলক প্রচারণা ও গুজব ছড়িয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঝুঁকিপূর্ণ ও রেড মার্ক কেন্দ্রে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, দুর্গম এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার, ভোটের আগের রাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্ছিদ্র নিরাপত্তা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি এবং গুজব প্রতিরোধে কঠোর নজরদারি।
প্রার্থীরা জানান, এসব বিষয় লিখিতভাবে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—
মো. নূর ইসলাম (আপেল প্রতীক, বাংলাদেশ ইনসানিয়াত),
মিথিলা রোয়াজা (লাঙ্গল প্রতীক, জাতীয় পার্টি),
দীনময় রোয়াজা (ট্রাক প্রতীক, গণঅধিকার পরিষদ) এবং
আবদুল ওয়াদুদ ভূঞা (ধানের শীষ প্রতীক, বিএনপি)।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...