ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল মেনে নেবে। তবে ভোটের পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে বলে শর্ত উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, সকালে ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। গতরাতেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা ছিল এবং আজও তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে সার্বিকভাবে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন বলেও উল্লেখ করেন। দীর্ঘ সময় পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, তারা আত্মবিশ্বাসী এবং বিজয়ের ব্যাপারে আশাবাদী। কত আসনে জয় পেলে সন্তুষ্ট হবেন—এমন প্রশ্নে তিনি বলেন, দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনই তাদের প্রত্যাশা।

জাতীয় সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যেসব রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাদের নিয়ে সমন্বয়ের ভিত্তিতে দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে।

সারা দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত থাকায় বিস্তারিত তথ্য পাননি। তবে গণমাধ্যমে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর দেখেছেন। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অপ্রত্যাশিত ঘটনার অভিযোগও তোলেন তিনি। এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে আহ্বান জানান।

তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। তারা যদি ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হন, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফল গণনায় বিলম্বের আশঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেরির কোনো যৌক্তিক কারণ নেই। নির্বাচন কমিশন দ্রুত ফল প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অতীতের কয়েকটি নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, নিরপেক্ষ পরিবেশে ভোট হলে ফলাফল মেনে নিতে কোনো সমস্যা নেই।

সার্বিক ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ঢাকায় যে চিত্র তিনি দেখেছেন, তাতে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর