• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে ঝর্ণা পুনরুজ্জীবন ও প্রকৃতি-ভিত্তিক কৃষি সমাধান প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ঝর্ণা পুনরুজ্জীবন ও প্রকৃতি-ভিত্তিক কৃষি সমাধান প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) “Promoting GESI Responsive Nature-Based Solutions for Enabling Resilience in CHT” প্রকল্পের আওতায় ঝর্ণা পুনরুজ্জীবন, গাছের চারারোপন এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান (Nature-based Solutions) প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজিত হয় তৃণমূল উন্নয়ন সংস্থা (TUS)-এর উদ্যোগে, যেখানে HELVETAS Swiss Inter-cooperation, Bangladesh এবং ICIMOD যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে GESI-সংবেদনশীল এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চা সম্প্রসারণ করা। স্থানীয় কমিউনিটি লার্নিং সেন্টার (CLC) ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক, স্থানীয় অংশীজন এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়া, স্প্রিংশেড ব্যবস্থাপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ঝর্ণাগুলোর টেকসই পুনরুজ্জীবন নিশ্চিত করা এবং স্থানীয় জলসম্পদ ব্যবস্থাপনায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের আওতায় কাংগ্রিমা ছড়া ও আক্কয়মনি কারবারি পাড়ায় দুটি পাইলট সাইটে স্প্রিংশেড ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হয়েছে। কমিউনিটি রিসোর্স পার্সন (CRPs) এবং পানি ব্যবহারকারী কমিটির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে ঝর্ণার পানি প্রবাহ, ঢাল, শিলার গঠন ও হাইড্রোজিওলজিক্যাল ডাটা সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Survey123 এবং Rock Logger অ্যাপ ব্যবহার করে মোট ১২টি ঝর্ণা ও ৪টি পুকুরের ডাটা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৭টি ঝর্ণা বারোমাসি এবং ৩টি মৌসুমি।

ধাপ-৪ এবং ধাপ-৫ অনুযায়ী হাইড্রোজিওলজিক্যাল এলাকা মানচিত্রায়ন, সম্ভাব্য রিচার্জ এলাকা চিহ্নিতকরণ এবং স্প্রিংশেড ব্যবস্থাপনা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে বৃক্ষরোপণ, স্ট্যাগার্ড ট্রেঞ্চ এবং আইব্রো পিট নির্মাণসহ অন্যান্য টেকসই পানি পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পে স্থানীয় কৃষকদের জন্য অন-দ্য-জব প্রশিক্ষণ, মৌমাছি পালন ও পরিবেশবান্ধব সবজি চাষের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দুইটি CLC-তে ৪০ জন করে সদস্য পরিবেশবান্ধব পদ্ধতিতে গ্রীষ্মকালীন সবজি ও ফেলন ডাল চাষ করেছে, যেখানে ভার্মিকম্পোস্ট, ট্রাইকোডার্মা, মালচিং এবং ফেরোমন ফাঁদ ব্যবহৃত হয়েছে।

প্রকল্পের প্রশিক্ষণ ও কর্মপরিকল্পনা কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন, রাঙ্গামাটির ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার (সহকারি রেঞ্জ কর্মকর্তা) মোঃ জাফর উল্লাহ্; হেলভেটাস-বাংলাদেশ’র মাঠ সমন্বয়কারী দীপ্তিময় চাকমা সহ তৃনমুল উন্নয়ন সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় কাঙেরিমা ছড়া গ্রামের পানি সংরক্ষণ কমিটির সদস্য বৃন্দ, ইউপি মেম্বার, কার্বারীসহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে।

TUS-এর মাঠ পর্যায়ের উদ্যোগ ও HELVETAS, ICIMOD-এর প্রযুক্তিগত সহায়তায় প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই পানি ব্যবস্থাপনা, লিঙ্গ সমতা এবং জলবায়ু অভিযোজনমূলক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।